‘গরম খবর’ নাই
গরম খরব, গরম খবর, বলে সেই কাকডাকা ভোরবেলা থেকে চীৎকার করে ছুটে বেড়ানো
হালকা-পাতলা ধরনের মধ্যবয়সী হকার এখন নিজেই গরম খবর।
যতদূর জানি, নাম তার মানিক,বাড়ি রংপুর অঞ্চলে-এরশাদ
চাচার বিশেষ অনুরাগী।
যদিও নাম আর অঞ্চলে কিবা আসে যায়, মানুষ কেমন
সেটাই মুখ্য।
(জ্ঞানীজনের কথা কখনো যায় না বিফলে )
তার হাঁক-ডাকে চোখ জুড়ে ঘুমে থাকা আড়মোরা দিয়ে
বিছানা ছেড়ে যায়,
কান ফেলে শুনে তার সমকালীন রাজনীতি,অর্থনীতি
আর ঝড়তোলা ঘটনা
তার ব্যাখ্যা বিশ্লেষণ শুনে অবাক হয়ে যাই যেন টক শো এর বিদগ্ধ অতিথি।
লেখাপড়া করে নি তেমন, ছোট কোন ডিগ্রীও নেই তার ঝুলিতে, তাতে কী
কোথায় শিখেছে সে কথা বলার এমন যাদুকরী বিদ্যা।
কি সাবলীল ভাষায় দেখো, দর্শক-শ্রোতাদের বিমোহিত
করে, যাদুকরের মতো ঘিরে ধরে যেন
নিজেই একটা মহামূল্যবান মানিক-কাড়াকাড়ি
করে নিতে চায় সবাই।
একটা পুরনো সাইকেলের
ক্যারিয়ারে কয়েকশ’ পেপার পরম যত্নে রোদবৃষ্টিতে ঢেকে রাখে-
যেন তার নিজের অবুঝ সন্তান।
কথার যাদুতে সে হাটে আর মাঠে পেপার ফেরী করে
-খবর বিক্রি করাই তার নেশা আর পেশা।
দেশ-বিদেশের সঙ্কটে তার পেপার চলে গরম কেকের
মতোন।
গরম খবর আর আসে না, ব্যালকনিতে দাড়িয়ে থাকি তার
অপেক্ষায়
অপেক্ষার প্রহর আর শেষ হয় না, সে আসে না।
কেউ তার খবর রাখে না,
সে কি আর আপন ঠিকানা পেয়েছে খুঁজে?
গরম খবরের নিচে চাপা পড়ে নিজেই খবর হলো।
কিছু্ই জানি না আমি-কিছুই চিনি না,
আমার পাশের বাড়ির লোকটিকে আমি দেখি নি কোনদিন। ২৯ সেপ্টেম্বর, ২০২১
খ্রিস্টাব্দ, মেমোরী হাউজ, স্নিগ্ধা আবাসিক,বগুড়া